বাক্‌ ১৪৪ ।। সোনালী চক্রবর্তী



নোঙর 


শোন, সামান্য কতক মনে রাখি,

যা দেখি তোমার তিলে,

অভাবে, অনন্ত নীহারিকায়,

ইলতিজায় ধুয়ে যায় তার প্রায় সর্বাংশ।

কেবল, অঙ্গে মাধব এলে,

এস্রাজেরও দাঁত গজায়,

তখন ...

নীল, নীল, কী যে দহন,

যাযাবর জলে,

ছিটকে আসা রক্তের নৌকাবদল খেলি।

এইসব ডালিম যখন শানায়,

ভেব না, সবই মনে রাখি।

শুধু আমার প্রেতকে যে ক্রুশে লটকে চেরে,

দহে কালাচ দেখব বলে,

কিছু ভাঁজে, মরহুম সে হন্তার কাছি ফেলে রাখি।